এবার নতুনরূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা এবার প্রথমবারের মতো শিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি তার অভিজ্ঞতা ভাগ করবেন।
অভিনয়ে আগ্রহীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘থিওরি অব অ্যাকটিং’ ও ‘আর্ট অব অ্যাকটিং’— শিরোনামের এক মাস্টার ক্লাসে অভিনয়ের তত্ত্ব, কৌশল ও শিল্পবোধ নিয়ে এই অভিনেতার পাশাপাশি ক্লাস নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক।
আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলামোটর শাখায় অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাসটি। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থিওরি অব অ্যাকটিং এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আর্ট অব অ্যাকটিং সেশন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মাস্টার ক্লাসটির আর্ট অব অ্যাকটিং সেশনে মোশাররফ করিম একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের ভেতরে প্রবেশ, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়া, পরিচালকের নির্দেশনা বোঝা এবং অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে ‘থিওরি অব অ্যাকটিং’ সেশনে ড. ইউসুফ হাসান অর্ক অভিনয়ের মানসিক ও শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়, চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির ভাবনা, টেম্পো-রিদম, শারীরিক অভিব্যক্তি ও অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা নিয়ে কথা বলবেন।
মাস্টার ক্লাসটির আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস (এসিপি)। অংশ নিতে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সময়ের আলো/কেএইচও