বিশ্বজুড়ে বিলাসবহুল ও সংগ্রাহক পর্যায়ের ঘড়ির নিলাম বাজার এখন বেশ চাঙ্গা। গত এক বছরে রেকর্ড দামে বিক্রি হয়েছে বিরল অনেক ঘড়ি। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ও ৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বসছে বিশ্ববিখ্যাত ঘড়ির নিলাম আসর।
জেনেভা ওয়াচ অকশন টোয়েন্টিফোর নামের এ নিলামের আয়োজন করছে প্রখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপস ইন অ্যাসোসিয়েশন উইথ বাকস অ্যান্ড রুসো। ফিলিপসের জন্যে গত বসন্ত মৌসুমটি ছিল খুবই সফল। ওই সময় তিনটি বড় নিলাম থেকে ২৩ কোটি ৫০ লাখ ডলারের বেশি আয় হয়। সে নিলামে তিনটি ঘড়িই বিক্রি হয়েছিল ১ কোটি ডলারের বেশি দামে। বাজার বিশ্লেষকরা মনে করেন, ১০ লাখ ডলারের বেশি দামে ঘড়ি বিক্রি এখন সাধারণ ঘটনা হয়ে গেছে। ২০১২ সালে ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হওয়া ঘড়ির সংখ্যা মাত্র ১৩টি। সেখানে ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮১টিতে।
জেনেভার আসন্ন নিলামে সবার নজর থাকবে পাটেক ফিলিপ, রোলেক্স ও এফপি ঝুর্ণ ওপর। ২০০২ সালে তৈরি এফপি ঝুর্ণের প্লাটিনাম ঘড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০ থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ। ২০ বছর পূর্তিতে বিশ্বভ্রমণ শেষে দীর্ঘ এক দশক পর এটি আবার নিলামে ফিরে এসেছে। জাপানে সম্প্রতি খুঁজে পাওয়া রেফারেন্স ৬০৬২ স্টেলিন ঘড়িটির আনুমানিক দাম ধরা হয়েছে ৬ থেকে ১২ লাখ সুইস ফ্রাঁ। ১৯৫০ সালে বাজারে আসা এ মডেলে রয়েছে ট্রিপল ক্যালেন্ডার ও মুভমেন্টের বিশেষ সুবিধা। পাটেক ফিলিপ রেফারেন্স ১৪৩৬ নিলামের মূল আর্কষণ। ১৯৪৫ সালে তৈরি ঘড়িটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ থেকে ৪০ লাখ সুইস ফ্রাঁ।
সময়ের আলো/প্রিন্ট/জেডআই