প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:৩৪ পিএম
নটর ডেম কলেজ। ফাইল ছবি রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলেজের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতায় আজ রোববার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে এইচএসসি দ্বিতীয় বর্ষের সকল ব্যবহারিক ক্লাসও বন্ধ থাকবে।
শনিবার রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কারণে সকাল থেকে কর্মস্থল,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সময়ের আলো/মহু