শিখা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস পরও স্বাভাবিক হয়নি কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল ব্যবসা। দুর্গাপূজার মৌসুম সামনে থাকলেও পর্যটক ও গ্রাহক কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গত ১৯ আগস্ট শিখা হোটেলে আগুনে সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হওয়ার পর আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নেয় পশ্চিমবঙ্গ সরকার। বিধিমালা না মানায় কলকাতায় ৯ শতাধিক হোটেল ও গেস্ট হাউজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ মার্কেট এলাকাতেই বন্ধ রয়েছে প্রায় শতাধিক হোটেল।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার সময় সাধারণত নিউ মার্কেট পর্যটক ও ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে। কিন্তু এবার অগ্নিকাণ্ডের প্রভাব সরাসরি পড়েছে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায়। অনেক দোকানেই ক্রেতার দেখা মিলছে না।
নিউ মার্কেট এড়িয়ে পাশের এলাকার হোটেলে অবস্থান করায় পর্যটকদেরও অতিরিক্ত খরচ করতে হচ্ছে। স্থানীয়দের আয়-রোজগারের সঙ্গে জড়িত প্রায় ২৫ হাজার মানুষ এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
দুর্গাপূজার আগে হোটেল ব্যবসা ও পর্যটন খাত স্বাভাবিক করতে দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সময়ের আলো/এমকে