ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে প্রত্যাশিত শুরু পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচে এক জয়, এক ড্র ও দুই হারে ১৩ নম্বরে আছে তারা। ম্যানচেস্টার ডার্বির পর ব্রাইটনের কাছেও হারের ধাক্কায় যখন মাঠের পারফরম্যান্স নিয়ে চাপ বাড়ছে, তখন মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন ক্লাবটির সহ-মালিক জিম র্যাটক্লিফ।
ব্রিটিশ ধনকুবের ও পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান ইনিওসের প্রতিষ্ঠাতা র্যাটক্লিফ শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তার দাবি, উচ্চ কর ও উচ্চ মাত্রার অভিবাসনের সম্মিলিত প্রভাবে যুক্তরাজ্য অবনতির দিকে যাচ্ছে।
এ ছাড়া যুক্তরাজ্যকে ‘অভিবাসীদের দ্বারা উপনিবেশিত’ করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন র্যাটক্লিফ। পরে তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য ক্ষমাও চান তিনি। তবে তাতেও বিতর্ক থামেনি। এবার তার পদত্যাগ দাবি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স গ্রুপ।
এক বিবৃতিতে সংগঠনটি র্যাটক্লিফের মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘এ সপ্তাহে স্যার জিম আবারও ব্রিটেনের সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে অভিবাসন এবং সরকারি সুবিধা গ্রহণকারী মানুষদের বিষয়টি সামনে এনেছেন। তিনি যুক্তি দিয়েছেন, এসব মোকাবিলায় কেউই যথেষ্ট কঠোর নয়। আমরা তার সর্বশেষ মন্তব্যে গভীরভাবে হতাশ এবং এগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’
২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭.৭ শতাংশ মালিকানা অর্জন করেন র্যাটক্লিফ। এরপর ক্লাবের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়। তার নেতৃত্বে ৪৫০টি পদ বিলুপ্ত করা হয়েছে, শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে এবং দুজন কোচকে বরখাস্ত করা হয়েছে।
মুসলিম সমর্থকদের সংগঠনটি তাদের বিবৃতিতে ইউনাইটেডের বৈচিত্র্যের বিষয়টিও তুলে ধরেছে। তাদের ভাষ্য, ক্লাবটির খেলোয়াড়, কর্মী, স্টুয়ার্ড, নিরাপত্তাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন দেশ, সংস্কৃতি, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পটভূমি থেকে আসেন। এই বৈচিত্র্য ক্লাবটির দুর্বলতা নয়, বরং এরই অংশ।
একই সঙ্গে বর্তমান মালিকানা কাঠামোর প্রতিও আস্থা হারানোর কথা জানিয়েছে সংগঠনটি। দীর্ঘদিনের দলীয় ব্যর্থতা, প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং ক্লাবের অবস্থানের অবনতির কথা উল্লেখ করে তারা গ্লেজার পরিবার ও র্যাটক্লিফের সরে যাওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বছরের পর বছর দলের অবস্থানে পতন, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বারবার ব্যর্থতার পর ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের বর্তমান মালিকানা কাঠামোর ওপর আস্থা হারিয়েছে। যথেষ্ট হয়েছে। এখন পরিবর্তনের সময়। গ্লেজার পরিবার এবং স্যার জিম র্যাটক্লিফকে চলে যেতে হবে।’
ফলে মাঠে দলের বাজে পারফরম্যান্সের পাশাপাশি র্যাটক্লিফের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কও নতুন করে চাপ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কাঠামোর ওপর।
সময়ের আলো/টিকে