এশিয়ান গেমসে জয়হীন এক দিন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হলো হতাশায়। প্রথম দিনে ছেলে-মেয়ে মিলিয়ে আটটি ডিসিপ্লিনে মোট ১০টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে দলগত

2026-09-20T22:14:17+00:00
2026-09-20T22:14:17+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমসে হতাশার দিন
এশিয়ান গেমসে জয়হীন এক দিন বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হলো হতাশায়। প্রথম দিনে ছেলে-মেয়ে মিলিয়ে আটটি ডিসিপ্লিনে মোট ১০টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে দলগত ও একক লড়াইয়ের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। কোথাও বড় ব্যবধানে হার, কোথাও আবার প্রতিপক্ষের সঙ্গে লড়াই জমিয়ে তোলার সুযোগ না পাওয়ার হতাশায় কেটেছে বাংলাদেশের প্রথম দিন।

দিনের শুরুতেই নারী হকিতে এশিয়ান গেমসে অভিষেক হয় বাংলাদেশের। তবে অভিষেকটি সুখকর হয়নি রিয়া-সারিকাদের। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চীন। প্রথম কোয়ার্টারেই চার গোল করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল যোগ করে বিরতিতে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নরা।

বিরতির পরও চীনের দাপট কমেনি। তৃতীয় কোয়ার্টারে আরও চার গোল এবং শেষ কোয়ার্টারে দুটি গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা। চীনের হয়ে ঝং জিয়াকি করেন হ্যাটট্রিক। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ইয়ি দুটি করে গোল করেন। এ ছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল পান। ম্যাচে ১৫টি পেনাল্টি কর্নার ও দুটি পেনাল্টি স্ট্রোক আদায় করে চীন। বাংলাদেশের আক্রমণ থেকে গোলের কোনো সুযোগই কাজে লাগানো সম্ভব হয়নি।

বড় হার দিয়ে শুরু হলেও হকিতে আজই ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের। পুল ‘এ’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। চীনের বিপক্ষে ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে এবার অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করতে চাইবে রিয়া-সারিকাদের দল। নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুলের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। একই সঙ্গে টুর্নামেন্টের ফলাফল ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইয়ের সঙ্গেও সম্পর্কিত।

হকির মতো ক্রিকেটেও প্রথম দিনে হতাশায় কেটেছে বাংলাদেশের। নারী টি-টোয়েন্টির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে জ্যোতিরা। অন্যান্য ইভেন্টের মধ্যে রোড সাইক্লিংয়ে শাহাদাত হোসাইন হয়েছেন ১৬তম। স্বর্ণজয়ী কাজাখস্তানের আলেক্সি লুটসেঙ্কোর চেয়ে ১৬.১৮ সেকেন্ড পিছিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি। কারাতের ৬০ কেজি কুমিতে মালয়েশিয়ার হারই শঙ্করের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন মোহাম্মদ সিয়াম হোসেন। শঙ্কর দুটি ইউকো ও একটি ইপ্পন আদায় করে নেন।


টেবিল টেনিসে ছেলে ও মেয়েদের দলগত ইভেন্টেও জয় পায়নি বাংলাদেশ। ছেলেরা কাজাখস্তানের কাছে এবং মেয়েরা চাইনিজ তাইপের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে। ছেলেদের হয়ে মোহতাসিন হোসেন হৃদয়, ইমরুল ইমন ও রাম হিম লিয়ান বম নিজেদের ম্যাচে হেরেছেন। মেয়েদের হয়ে সোনম সুলতানা সোমা, নওরিন মাহি ও তুশি সামান্তাও প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছেন। বিচ ভলিবলেও একই চিত্র। মেয়েদের দল ফিলিপিন্সের কাছে ২১-৬, ২১-৬ পয়েন্টে এবং ছেলেদের দল জাপানের কাছে ২১-১১, ২১-১৫ পয়েন্টে হেরেছে। দুদলই সরাসরি দুই সেটে ম্যাচ শেষ করেছে।

সাঁতারেও সাফল্য পায়নি বাংলাদেশ। মুক্তি খাতুন ৩৬.৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হয়েছেন। ২৪ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ২৩তম। শুটিংয়েও বাছাইপর্ব পেরোতে পারেননি বাংলাদেশের তিন শুটার। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৫৫ প্রতিযোগীর মধ্যে সাফা বিন শাহিদ ৬২১.০ স্কোর করে ৩৮তম, সাজিদা হক ৬২০.৬ স্কোর নিয়ে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯.১ স্কোর নিয়ে ৪৬তম হয়েছেন।

সব মিলিয়ে এশিয়ান গেমসের প্রথম দিনটি বাংলাদেশের জন্য কেটেছে জয়হীনতায়, দারুণ হতাশায়। আটটি ডিসিপ্লিনে অংশ নিয়ে কোনো দলগত বা ব্যক্তিগত ইভেন্টে জয়ের দেখা পায়নি। শুধু ফল নয়, বেশিরভাগ ইভেন্টে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতেও পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গেমসের শুরুতেই হতাশ হলেও সামনে আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   এশিয়ান গেমস  জয়হীন  এক দিন  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: