মাত্র এক সেকেন্ডের ব্যবধান। তাতেই ছয় বছর ধরে টিকে থাকা হাফ ম্যারাথনের বিশ্বরেকর্ড নিজের করে নিলেন কেনিয়ার অ্যাগনেস জেবেত এনগেটিচ। কোপেনহেগেনে বিশ্ব অ্যাথলেটিকস রোড রানিং চ্যাম্পিয়নশিপের নারী হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী এই অ্যাথলেট।
নারীদের আলাদা হাফ ম্যারাথন রেসে এর আগের বিশ্বরেকর্ডও ছিল কেনিয়ার পেরেস জেপচিরচিরের। ২০২০ সালে পোল্যান্ডের গদিনিয়ায় বিশ্ব হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ছয় বছর পর সেই রেকর্ড ভাঙলেন এনগেটিচ।
রোববার কোপেনহেগেনে শুরু থেকেই দৌড়ে এগিয়ে ছিলেন এনগেটিচ। পুরো রেসে প্রতিদ্বন্দ্বীদের খুব একটা সুযোগ দেননি তিনি। তার সবচেয়ে কাছাকাছি ছিলেন স্বদেশি ভেরোনিকা লোলে। তবে লোলে এনগেটিচের চেয়ে ৫০ সেকেন্ড পরে ফিনিশ লাইন পার হন।
বিশ্বরেকর্ডের পাশাপাশি নারী হাফ ম্যারাথনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণও জিতেছেন এনগেটিচ।
তবে এই সময়টি নারীদের হাফ ম্যারাথনের সামগ্রিক বিশ্বরেকর্ড নয়। নারী-পুরুষ একসঙ্গে অংশ নেওয়া রেসে দ্রুততম সময়ের রেকর্ড এখনো ইথিওপিয়ার লেতেসেনবেত গিদেয়ের। ২০২১ সালে তিনি ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ডে হাফ ম্যারাথন শেষ করেছিলেন।
এনগেটিচের জন্য ২০২৬ সালটিও যাচ্ছে দুর্দান্ত। জানুয়ারিতে বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর এবার হাফ ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে নারীদের আলাদা ১০ কিলোমিটার রেসের বিশ্বরেকর্ডও গড়েছেন কেনিয়ার এই দূরপাল্লার দৌড়বিদ।
সময়ের আলো/টিকে