বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ জানায়, সকালে পাঁচজন যাত্রীকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাতের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই