হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযানে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগান থেকে তাকে আটক করা হয়। সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত। এ সময় তার অবস্থান নিয়েও খোঁজ নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই