বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ) দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার। নিজ নিজ খেলায় সহজ জয় তুলে নিয়েছে এই দুদল।এর ফলে লিগের শেষ দিনে তাদের মধ্যকার ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী ‘অলিখিত ফাইনালে’ রূপ নিয়েছে।
গতকাল পল্টনস্থ শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাংলাদেশ আনসার ৫৩-৩১ গোলের বড় ব্যবধানে বাংলাদেশ হ্যান্ডবল দলকে পরাজিত করেছে। একপেশে এই লড়াইয়ে প্রথমার্ধেই ২৬-১৪ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল আনসার। দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৪৪-২১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রথমার্ধে ২৩-১২ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিজিবি। আজ লিগের শেষ দিন। বেলা ৩টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুদল বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার মুখোমুখি হবে। লিগ পদ্ধতিতে আয়োজিত হলেও টানা দুই জয়ে এই ম্যাচটিই এখন শিরোপা নির্ধারণী লড়াই।
যে দল জিতবে, তাদের হাতেই উঠবে প্রথম ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের শিরোপা। এর আগে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ হ্যান্ডবল দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে