লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা।
সাবা নিউজ এজেন্সির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখায় হামলা চালায় সৌদি বিমান বাহিনী। এতে ৬ জন নিহত ও ৮ জন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।
ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে সৌদি বিমান হামলা বাড়িয়েছে বলে দাবি করেছে হুথি নেতৃত্ব। তাদের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সাত দিনে সৌদি বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ ঘটনায় বিধ্বস্ত বিমানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। একই সময়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা হামলার পাশাপাশি বাব এল মান্দেব প্রণালি নিয়েও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বাব এল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে সংঘাত বাড়লে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নৌপরিবহনেও প্রভাব পড়তে পারে।
সূত্র : এএফপি
সময়ের আলো/এমকে