ব্যস্ত জীবনে সুন্নাহর চর্চা

আমীনুর রহমান নড়াইলী

ইসলাম

আজ মানুষের জীবন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ব্যস্ততায় ঘেরা। সকাল শুরু হওয়ার আগেই দিনের নানা কাজের চিন্তা মাথায় ভিড়

2026-09-22T09:23:34+00:00
2026-09-22T09:23:34+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
ব্যস্ত জীবনে সুন্নাহর চর্চা
আমীনুর রহমান নড়াইলী
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ এএম 
বাস্তবতা হলো, সুন্নাহর অনেক আমল এমন, যা করতে আলাদা সময় বের করতে হয় না। গ্রাফিক : সময়ের আলো
আজ মানুষের জীবন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ব্যস্ততায় ঘেরা। সকাল শুরু হওয়ার আগেই দিনের নানা কাজের চিন্তা মাথায় ভিড় করে। পড়াশোনা, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, পরিবার, নানা দায়িত্ব— সব মিলিয়ে দিন শেষে মনে হয়, সময় যেন কোথায় হারিয়ে গেল! অথচ এই ব্যস্ততার মধ্যেই একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনের অংশ করে নেওয়া। 

সুন্নাহ শুধু কিছু নির্দিষ্ট ইবাদত বা বাহ্যিক কিছু আমলের নাম নয়। বরং নবীজির কথা, কাজ, আচার-আচরণ ও জীবনপদ্ধতির অনুসরণই সুন্নাহ। একজন মুসলমানের জীবনে সুন্নাহ যত বেশি বিস্তৃত হবে, তার জীবন তত বেশি নববী আদর্শের আলোয় আলোকিত হবে। অনেকে মনে করেন, সুন্নাহ পালন করতে হলে অনেক সময় দরকার। ব্যস্ত জীবনে এত কিছু করা সম্ভব নয়। অথচ বাস্তবতা হলো, সুন্নাহর অনেক আমল এমন, যা করতে আলাদা সময় বের করতে হয় না। বরং দৈনন্দিন কাজের মধ্যেই তা পালন করা যায়।

ঘুম থেকে উঠাই শুরু হোক সুন্নাহ : একজন মুমিনের নতুন দিনের সূচনা হতে পারে সুন্নাহর মাধ্যমে। ঘুম থেকে জেগে আল্লাহর শুকরিয়া আদায় করা, মিসওয়াক করা, ওজু করা এবং নামাজের প্রস্তুতি নেওয়া— এসবের মাধ্যমে দিনের শুরুতেই আল্লাহর স্মরণে নিজেকে যুক্ত করা যায়। আজকের ব্যস্ত মানুষ ঘুম থেকে উঠেই অনেক সময় মোবাইল হাতে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন দেখে দিনের শুরু করে। অথচ দিনের প্রথম মুহূর্তগুলো যদি আল্লাহর স্মরণে কাটে, তা হলে পুরো দিনটির ওপরই এর ইতিবাচক প্রভাব পড়ে।

খাবারের টেবিলেও সুন্নাহ : খাবার আমাদের জীবনের অপরিহার্য অংশ। তাই খাবারের সময় সুন্নাহ পালনের জন্য আলাদা কোনো সময় প্রয়োজন নেই। খাবারের আগে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, নিজের সামনের অংশ থেকে খাওয়া, অপচয় না করা এবং খাবারের পর আল্লাহর শুকরিয়া আদায় করা— এসবই দৈনন্দিন জীবনে সহজে চর্চা করা যায়। একইভাবে পানি পান করার ক্ষেত্রেও নবীজির শেখানো আদব অনুসরণ করা সম্ভব। বসে পান করা, বিসমিল্লাহ বলা, কয়েক ধাপে পান করা এবং শেষে আল্লাহর প্রশংসা করা— এগুলো ছোট ছোট আমল হলেও একজন মুমিনের জীবনকে সুন্নাহময় করে তোলে।


কথাবার্তায় নববী আদর্শ : মানুষের জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয়গুলোর একটি হলো কথা বলা। অথচ জিহ্বার অসতর্ক ব্যবহারে কত গুনাহ সংঘটিত হয়! মিথ্যা, গিবত, অপবাদ, কটূক্তি, অশ্লীলতা ও অপ্রয়োজনীয় কথাবার্তা মানুষের আমল নষ্ট করে দিতে পারে। নবীজির জীবন আমাদের শেখায়— ভালো কথা বলা, অন্যথায় নীরব থাকা, মানুষের সঙ্গে কোমল আচরণ করা এবং সালামের প্রচলন করা। অফিসে সহকর্মীর সঙ্গে, ব্যবসায় ক্রেতার সঙ্গে, ঘরে স্ত্রী-সন্তানের সঙ্গে, রাস্তায় পরিচিত মানুষের সঙ্গে কিংবা ফোনে কারও সঙ্গে কথা বলার সময়ও সুন্নাহর চর্চা করা যায়। অর্থাৎ সুন্নাহর জন্য আলাদা সময় নয়; বরং আমাদের কথাবার্তাকেই সুন্নাহর আলোয় সাজাতে হবে।

পরিবারের সঙ্গে আচরণেও সুন্নাহ : কর্মব্যস্ত মানুষ অনেক সময় বাইরের মানুষের সঙ্গে হাসিমুখে কথা বললেও পরিবারের সদস্যদের জন্য সময় দিতে পারে না। অথচ নবীজি ছিলেন পরিবারের প্রতি অত্যন্ত কোমল ও সদয়। সন্তানের সঙ্গে ভালো আচরণ করা, স্ত্রীকে সম্মান করা, পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখা— এসবও নববী আদর্শের অংশ। তাই পরিবারের সঙ্গে কাটানো সময়কে শুধু বিশ্রামের সময় মনে না করে সুন্নাহ পালনের সুযোগ হিসেবে দেখা দরকার। একটি সুন্দর কথা, একটি মমতাময় আচরণ, সন্তানের মাথায় স্নেহের হাত রাখা কিংবা পরিবারের কোনো সদস্যের কাজে সহযোগিতা করাও একজন মুমিনের জন্য সওয়াবের কারণ হতে পারে।

কর্মক্ষেত্রেও সুন্নাহর চর্চা : ইসলাম মসজিদ ও মাদরাসার ভেতরে সীমাবদ্ধ কোনো জীবনব্যবস্থা নয়। একজন মুসলমান অফিসে, দোকানে, কারখানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে থাকলেও সে আল্লাহর বান্দা। সততা, আমানতদারি, প্রতিশ্রুতি রক্ষা, ওজনে ইনসাফ, প্রতারণা থেকে বেঁচে থাকা এবং মানুষের অধিকার আদায় করা— এসব ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কাজের জায়গায় সময়মতো উপস্থিত হওয়া, দায়িত্বে অবহেলা না করা এবং প্রতিষ্ঠানের সম্পদকে আমানত হিসেবে বিবেচনা করাও একজন মুমিনের দায়িত্বশীলতার পরিচয়। তাই কর্মজীবনও হতে পারে সুন্নাহর বাস্তব চর্চার একটি বড় ক্ষেত্র।

চলার পথে ছোট ছোট সুন্নাহ : ব্যস্ততার অজুহাতে আমরা অনেক সহজ আমলও ছেড়ে দিই। অথচ একজন মানুষ হাঁটতে হাঁটতে জিকির করতে পারে, গাড়িতে বসে দরুদ পড়তে পারে, অবসর সময়ে কুরআন তেলাওয়াত শুনতে পারে, কারও সঙ্গে দেখা হলে সালাম দিতে পারে, অসুস্থ ব্যক্তির খোঁজ নিতে পারে এবং মানুষের উপকার করতে পারে। প্রযুক্তির যুগে মোবাইল ফোনও সুন্নাহ চর্চার একটি মাধ্যম হতে পারে। অযথা স্ক্রল করার পরিবর্তে কিছু সময় কুরআন তেলাওয়াত, হাদিস পাঠ, উপকারী জ্ঞান অর্জন কিংবা আত্মশুদ্ধির কাজে ব্যবহার করা যায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি— সুন্নাহ পালনের নামে দায়িত্বে অবহেলা করা যাবে না। ইসলাম ভারসাম্যের শিক্ষা দেয়। ফরজ দায়িত্ব, পরিবারের হক, মানুষের অধিকার ও জীবনের প্রয়োজনীয় কাজগুলো ঠিক রেখে নফল ও অতিরিক্ত আমলের মাধ্যমে জীবনকে সুন্দর করতে হবে।

আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি জীবন, যেখানে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও নবীজির আদর্শ হারিয়ে যাবে না। আমাদের পোশাক, খাবার, কথা, আচরণ, ব্যবসা, পরিবার, সমাজ— সবকিছুতেই যদি নবীজির সুন্নাহর ছাপ ফুটে ওঠে; তা হলে ব্যস্ত জীবনও হয়ে উঠতে পারে ইবাদতময়। মনে রাখতে হবে, সুন্নাহ শুধু জানার বিষয় নয়; সুন্নাহ হলো বেঁচে থাকার একটি পদ্ধতি। তাই আসুন, বড় কোনো পরিবর্তনের অপেক্ষা না করে আজকের ছোট্ট একটি আমল থেকেই শুরু করি। ধীরে ধীরে আমাদের সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠুক নববী আদর্শের আলোয় আলোকিত।

লেখক : শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ


সময়ের আলো/প্রিন্ট/টিকে/এমকে
  বিষয়:   ব্যস্ত  জীবন  সুন্নাহ  চর্চা 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: