শক্তির বিচারে দুই দলের পার্থক্য বেশ বড়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত দ্বিতীয়, আর জাপানের অবস্থান ৪১তম। তবে মাঠে সেই ব্যবধান দেখা গেল না। বৃষ্টির কারণে ম্যাচ ৫ ওভারে নেমে আসার পর ভারতের ব্যাটিংকে চেপে ধরে মাত্র ৩২ রানে থামিয়ে দিয়েছে জাপান।
সানোতে টস জিতে ব্যাটিং নেয় ভারত। শুরুতেই জাপানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে হারায় ভারত। এক বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি। এরপর দ্রুত বিদায় নেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। সঞ্জু ৭ বলে ৯ রান করলেও ঈশান ৬ বলে করেন মাত্র ৩ রান। এতে ১৪ রানেই তিন উইকেট হারায় ভারত।
চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও ফিরে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান।
জাপানের হয়ে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে পান ১ উইকেট। বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ১ উইকেট।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলের জন্য ৫ ওভার করে নির্ধারণ করা হয়েছে। ফলে জাপানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলারদের বিপক্ষে ম্যাচ জয়ের চ্যালেঞ্জ এখন জাপানের সামনে।
সময়ের আলো/কেএইচ