মেসির বিদায় জার্সিতে বিশেষ আয়োজন

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় এখন দরজায় কড়া নাড়ছে। বিদায়ি ম্যাচকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা

2026-09-23T04:11:26+00:00
2026-09-23T04:11:26+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসির বিদায় জার্সিতে বিশেষ আয়োজন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ এএম 
ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ অধ্যায় এখন দরজায় কড়া নাড়ছে। বিদায়ি ম্যাচকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা আয়োজন। এবার সেই আবেগে নতুন মাত্রা যোগ করলেন মেসি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এমন একটি ভিডিও, যেখানে জাতীয় দলের শেষ ম্যাচের জন্য তৈরি বিশেষ জার্সির দেখা মিলেছে।

ভিডিওতে মেসিকে দেখা যায় একটি সোফার ওপর আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট রাখতে। পাশে ঝোলানো ছিল আর্জেন্টিনা দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে নিজের জন্য তৈরি নতুন একটি ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এই জার্সিটি অবশ্য আর দশটি জার্সির মতো নয়। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেই বিশেষ নকশায় তৈরি করা হয়েছে এটি। ভিডিওটির সঙ্গে মেসির বার্তাও ছিল আবেগঘন। শেষ ম্যাচ এবং আজীবনের স্মৃতি হয়ে থাকার মতো একটি জার্সির কথা উল্লেখ করেছেন তিনি।

নতুন জার্সিতে আর্জেন্টিনার পরিচিত হালকা নীল ও সাদা রঙ থাকলেও নকশায় রয়েছে বিশেষ পরিবর্তন। সামনের অংশে হালকা নীলের ওপর সাদা স্ট্রাইপ রাখা হয়েছে। পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এর সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’।

মেসির পোস্ট প্রকাশের পর স্বাভাবিকভাবেই আবেগঘন প্রতিক্রিয়া এসেছে ফুটবলবিশ্ব থেকে। তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার করতালির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোও মেসিকে নিয়ে আবেগ প্রকাশ করে লিখেছেন, তাকে ভীষণ মিস করবেন।

আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ি ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে তার। ঘরের মাঠে সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায় জানাতেই ম্যাচটিকে বিশেষভাবে আয়োজন করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এর আগে আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে মেসির শেষ ম্যাচ হিসেবে বেনিনের বিপক্ষে লড়াইটিই এখন সবচেয়ে বেশি আলোচনায়।


গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি। এরপর থেকেই তার বিদায়ি ম্যাচ নিয়ে শুরু হয় নানা জল্পনা। এএফএও চেয়েছিল দেশের মাটিতে সমর্থকদের সামনে তাকে সম্মানজনক বিদায় দিতে। সেই পরিকল্পনাতেই আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচটি মেসির বিদায়ি আয়োজন হিসেবে রাখা হয়েছে।

মেসির শেষ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহের আরেকটি প্রমাণ মিলেছে টিকেটের দামে। এএফএ বিভিন্ন শ্রেণির টিকেটের মূল্য নির্ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টিকেটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে। শিশুদের জন্য রাখা হয়েছে তুলনামূলক কম দাম— ১৭ ইউরো। বিভিন্ন ক্যাটাগরিতে ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরোর টিকেটও থাকছে।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের আগে তাই শুধু মাঠের প্রস্তুতিই নয়, স্মৃতিকে ধরে রাখার আয়োজনও শুরু হয়ে গেছে। বিশেষ জার্সি, ঘরের মাঠে বিদায় এবং হাজারো সমর্থকের উপস্থিতি। সব মিলিয়ে ৬ অক্টোবরের রাতটি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে মেসিকে ঘিরে আরেকটি আবেগঘন অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি
  বিষয়:   মেসি  বিদায় জার্সি  বিশেষ আয়োজন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: