দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ মেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ পেসার। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উড। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিকবার চোটের ধাক্কা সামলে নিজের গতির ঝলক দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বেশ কয়েকটি বড় সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই পেসার। ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন উড, ফাইনালেও পেয়েছিলেন একটি উইকেট।
তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে কার্যকর ভূমিকা রেখেছেন উড। ৩৮ টেস্টে তাঁর উইকেট ১১৯টি। ওয়ানডেতে ৭০ ম্যাচে নিয়েছেন ৮০ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে শিকার করেছেন ৫৪ উইকেট।
বিদায়ের সময় আবেগঘন কণ্ঠে উড বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম। তবে আমি আশা করি, আমার সতীর্থরা মনে রাখবে—প্রতিবার মাঠে আমি নিজের শতভাগ উজাড় করে দিয়েছিলাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে ইংল্যান্ডের এই গতিতারকাকে। আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সময়ের আলো/কেএইচ