পদকের খাতা খুলল জিন্নাতের হাত ধরে

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অবশেষে এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের অপেক্ষা শেষ হলো। উশুর হাত ধরে এবারের আসরে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। নারী উশুর

2026-09-23T04:08:41+00:00
2026-09-23T04:08:41+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস
পদকের খাতা খুলল জিন্নাতের হাত ধরে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ এএম 
জিন্নাত আক্তার। ছবি : সংগৃহীত
অবশেষে এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের অপেক্ষা শেষ হলো। উশুর হাত ধরে এবারের আসরে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। নারী উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। এশিয়ান গেমসে নিজের অভিষেকেই পদকের দেখা পেলেন নেত্রকোনার এই তরুণ উশুকা।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে নির্ধারিত ওজনের মধ্যে থাকতে না পারায় লড়াইয়ে নামার আগেই ডিসকোয়ালিফাইড হন ইন্দোনেশিয়ার প্রতিযোগী। ফলে কোনো লড়াই ছাড়াই জয় পান জিন্নাত। সেই জয়ের সঙ্গে নিশ্চিত হয় সেমিফাইনালের টিকেট, আর একই সঙ্গে বাংলাদেশের একটি পদকও।

আগের রাউন্ডেও বাই পেয়েছিলেন জিন্নাত। ফলে এশিয়ান গেমসের মঞ্চে এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষের সঙ্গে সরাসরি লড়াই না করেই সেমিফাইনালে পৌঁছেছেন তিনি। তবে পদক নিশ্চিত হওয়ার পেছনে ভাগ্যের সহায়তা থাকলেও জাতীয় পর্যায়ে জিন্নাতের পারফরম্যান্সই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন জিন্নাত। এখন পর্যন্ত কোনো আসরেই দ্বিতীয় হননি তিনি। জাতীয় পর্যায়ে জিতেছেন সাতটি স্বর্ণ পদক। এবারই প্রথম আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আর সেই অভিষেকেই এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে পদক নিশ্চিত করে ফেলেছেন ২১ বছর বয়সি এই উশুকা।

আজ বুধবার সেমিফাইনালে চীনের প্রতিযোগীর মুখোমুখি হবে জিন্নাত। জিতলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করা জিন্নাতের সামনে খুলে যাবে রুপা কিংবা স্বর্ণ জয়ের পথ। আর সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাকে। জিন্নাতের সাফল্যের দিনে অবশ্য পুরুষ উশুতে হতাশা এসেছে। ৫৬ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে চীনের জিয়ামিনের কাছে নকআউট হয়ে বিদায় নিয়েছেন সজীব হোসেন। ফলে জিন্নাতই হয়ে থাকলেন উশুতে বাংলাদেশের একমাত্র পদক নিশ্চিত করা প্রতিযোগী।

এদিকে হকিতে টানা দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। পুল ‘এ’তে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারের পর এবার স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের দল। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে জাপান। প্রথম কোয়ার্টারেই তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। কোসেই কাওয়াবে, কোজি ইয়ামাসাকি ও নারু কিমুরার গোলে প্রথম ১৫ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।


ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৬-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন কাওয়াবে। টানা দুই হারে পুল ‘এ’-তে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে তারা।

অন্যদিকে বিচ ভলিবলেও জয়হীন থাকল বাংলাদেশ। পুরুষদের পুল এইচের ম্যাচে ইরানের কাছে সরাসরি দুই সেটে হেরেছে শাইকাত মো. আলী আল মুরাম্মার রাকেশ ও রতুল আহমেদের জুটি। হেকিনান রিয়ুচি বিচ কোর্টে ইরানের আবোলহাসান খাকিজাদেহ ও আমির আলি ঘালেহনোভি জুটি ২১-১৩, ২১-১২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে।

প্রথম সেটে ১৩ পয়েন্ট তুলেছিল বাংলাদেশ। তবে ইরানের আক্রমণাত্মক খেলায় ব্যবধান বড় হতে থাকে। দ্বিতীয় সেটেও একই চিত্র। ২১-১২ ব্যবধানে সেট জিতে ম্যাচ নিজেদের করে নেয় ইরানি জুটি। এটি পুল পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ও দ্বিতীয় হার। এর আগে জাপানের বিপক্ষেও হেরেছিল শাইকাত-রতুল জুটি। শেষ ম্যাচে ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ইরানের এটি পুল পর্বে দ্বিতীয় জয়। বাংলাদেশকে হারানোর আগে তারা মালদ্বীপকেও পরাজিত করেছিল। তবে দিনের সব হতাশার মাঝেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হয়ে থাকল জিন্নাতের পদক নিশ্চিত করা। এশিয়ান গেমসের এবারের আসরে দেশের পদকের খাতা খুলেছে তার হাত ধরেই।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   পদক  জিন্নাত  এশিয়ান গেমস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: