যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতিসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়বা ও যাদবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গোগা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও গোগা মোল্লা পাড়ার রহমত মোল্লার ছেলে রায়হান কবির রানা (৩৫) এবং একই সংগঠনের সক্রিয় কর্মী ও যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে রাব্বি হাসান জিকু (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) আশীষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি নিয়মিত মামলার (মামলা নং-২৩, জিআর নং-৩০২; ধারা: বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক উপাদান আইন ১৯০৮-এর ৩/৪/৬) তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেফতার করেন।
অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে কায়বা এলাকা থেকে গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান কবির রানাকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে যাদবপুর এলাকার নিজ বাড়ি থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী রাব্বি হাসান জিকুকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটকদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন