নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান। তিনি জানান, ফয়সাল বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, দুপুরে চাঁদাবাজির মামলায় এক আসামিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন ফয়সাল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো এবং খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে ফোন করেও একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় করা চাঁদাবাজির মামলায় ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে