বাগেরহাটের মোরেলগঞ্জে নির্ধারিত সময়ের আগেই বহরবুনিয়া দাখিল মাদরাসা ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মাদরাসার কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়নের মাস্টার বাজারসংলগ্ন বহরবুনিয়া দাখিল মাদরাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। এ সময় মাদরাসার সুপার এ এইচ এম বদরুদ্দোজা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছিলেন। সাংবাদিকরা ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ‘যা পারেন লিখে দেন’ বলে দ্রুত সেখান থেকে চলে যান।
মাদ্রাসাটিতে বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই মাদরাসা ছুটি দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এর আগে ২০২২ সালেও ‘বহরবুনিয়া মাদরাসায় দুপুর ১টা বাজলেই ছুটি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এরপরও আগেভাগে ছুটি দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।
মাদরাসার সহকারী সুপার মো. সিদ্দিকুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের মাদরাসা প্রতিদিন ১টার দিকে ছুটি দেওয়া হয়। এটি মফস্বল এলাকা হওয়ায় অনেক শিক্ষার্থী না খেয়ে মাদরাসায় আসে। তাদের কথা বিবেচনা করেই ছুটি দেওয়া হয়।
মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে মফস্বল এলাকার শিক্ষার্থীরা সকালে খাবার খেয়ে আসতে পারে না— এমন বিষয় উল্লেখ করে অনেক শিক্ষক সকাল ৯টা থেকে একটানা বেলা ৩টা পর্যন্ত মাদরাসার কার্যক্রম পরিচালনার অনুরোধ করেছেন।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বহরবুনিয়া দাখিল মাদরাসার বিষয়েও যথাযথ জবাব চাওয়া হবে।
সময়ের আলো/জোই