ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাভার্ড ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ১ কোটি ৫৩ লক্ষ ৩৫ হাজার টাকা।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
সময়ের আলো/জোই