খুলনার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেফতার করেছেন এসআরবির সদস্যরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসিফ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পাইকগাছা উপজেলার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট চারজন আসামিকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর এসআরবির খুলনা ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল কাশিয়ানী থানা পুলিশের সহযোগিতায় ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসিফ হোসেনকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সময়ের আলো/এনএন