ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে পেজেশকিয়ান বলেন, হরমুজ প্রণালির আশপাশে ইরান ‘শক্তিশালী প্রতিবেশী’ চায়। তবে যারা ইরানিদের ওপর ‘নিরাপত্তাহীনতা’ চাপিয়ে দিতে চায়, তাদের এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, একই জলপথ ব্যবহার করে কেউ ইরানের ওপর আগ্রাসন চালাবে, দেশটিতে নিরাপত্তাহীনতা তৈরি করবে, অথচ ইরানকে নিজেদের জলপথে চলাচল থেকে বঞ্চিত করা হবে, এটি মেনে নেওয়া যায় না।
পেজেশকিয়ান আরও বলেন, হরমুজ প্রণালি থেকে সবাই সুবিধা নেবে, অথচ ইরানকে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের সুযোগ দেওয়া হবে না— এমন পরিস্থিতি হতে পারে না।
তিনি সতর্ক করে বলেন, হরমুজে শত্রুভাবাপন্ন নৌবহরের স্থায়ী উপস্থিতি এবং যুদ্ধের বিস্তার শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে না।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।
ইরান এর আগে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
সময়ের আলো/ইউএমএইচ