চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে এক মাস ধরে চিকিৎসাধীন থাকার পর মারা গেছে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ইশিতা দাশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইশিতা সীতাকুণ্ডের কাজীপাড়া শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ২৫ আগস্ট দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি অটোরিকশা ইশিতাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ইশিতার চিকিৎসায় সহায়তার জন্য পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ইশিতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ডের সড়কে অটোরিকশার বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে পথচারী ও স্কুলশিক্ষার্থীদের সবসময় আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়। ইশিতার মৃত্যুর ঘটনায় দায়ী অটোরিকশা ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী আরও বলেন, ইশিতার মতো আর কোনো শিশুকে যেন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে না হয়, সে জন্য সড়কে অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সময়ের আলো/এসএকে