চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো. রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশু নাফিজকে নিজ শয়নঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরের কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২টার দিকে সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে রুবেল হোসেন তার প্রতিবন্ধী ভাতিজী মোসা. শিরিন খাতুনের মাধ্যমে জানতে পারেন যে, সকাল ১১টার দিকে শিশু নাফিজকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক বোরখাপরা নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ৪০/৩৬৯) দায়ের করা হয়। মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মোসা. সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার মো. ইব্রাহিমের একটি ভাড়া বাড়ি থেকে অপর আসামী মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে (১১ মাস) সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার করা হয়। গ্রেফতার সুজিআরা শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী এবং মানিকুজ্জামান একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার শিশুকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
সময়ের আলো/এনএন