গারুদার জার্সিতে ইতিহাস গড়ার স্বপ্ন পায়েসের

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্যালারির গর্জন, সমর্থকদের গান আর লাল-সাদা পতাকার ঢেউ। ইন্দোনেশিয়ার হয়ে খেলতে গিয়ে ফুটবলের বাইরেও অন্যরকম এক আবেগ খুঁজে পেয়েছেন মার্টেন

2026-09-24T05:12:44+00:00
2026-09-24T05:12:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
গারুদার জার্সিতে ইতিহাস গড়ার স্বপ্ন পায়েসের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ এএম 
ছবি : সংগৃহীত
গ্যালারির গর্জন, সমর্থকদের গান আর লাল-সাদা পতাকার ঢেউ। ইন্দোনেশিয়ার হয়ে খেলতে গিয়ে ফুটবলের বাইরেও অন্যরকম এক আবেগ খুঁজে পেয়েছেন মার্টেন পায়েস। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই গোলরক্ষকের এখন স্বপ্ন একটাই। ইন্দোনেশিয়ার হয়ে ইতিহাস গড়ে ঘরের মাঠে লাখো সমর্থকের সামনে শিরোপা উঁচিয়ে ধরা। 

ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পায়েস বলেছেন, ক্যারিয়ারের প্রতিটি অভিজ্ঞতাই তাকে পরিণত করেছে। ব্যক্তিগত অর্জনের চেয়ে এখন দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 

‘আমার ক্যারিয়ারে যা কিছু ঘটেছে, সবকিছুরই একটা কারণ ছিল। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি অনেক বেড়ে উঠেছি এবং পরিণত হয়েছি। এখন আমার কাছে ব্যক্তিগত অহংকারের চেয়ে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখা বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দল কিংবা ক্লাব। আমার মূল লক্ষ্য জয়,’ বলেছেন পায়েস।

২০২৪ সালে ইন্দোনেশিয়ার জার্সিতে অভিষেক হয় তার। সৌদি আরবের জেদ্দায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচটি এখনও তার মনে গেঁথে আছে। বিশেষ করে জাতীয় সংগীত বাজানোর মুহূর্তটি তাকে আবেগাপ্লুত করে দিয়েছিল। ‘প্রথম যে মুহূর্তে আমার শরীরে শিহরণ জেগেছিল, সেটি ছিল জাতীয় সংগীতের সময়,’ স্মৃতিচারণা করেছেন পায়েস।


সৌদি আরবের বিপক্ষে ম্যাচে ইন্দোনেশিয়ার বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিও তাকে মুগ্ধ করেছিল। এমনকি তার মনে হয়েছিল, গ্যালারিতে স্বাগতিকদের চেয়ে ইন্দোনেশিয়ার সমর্থকের সংখ্যাই বেশি। ম্যাচে ইন্দোনেশিয়ার গোলের পর সমর্থকদের উচ্ছ্বাসও আলাদা করে মনে রেখেছেন তিনি। শেষ পর্যন্ত সৌদি আরব সমতা ফেরালেও পায়েস পেনাল্টি ঠেকিয়ে দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন।

পরের দিনই জাকার্তায় ফেরেন পায়েস। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে সেরা খেলোয়াড়ের পারফরম্যান্স উপহার দেন তিনি। নিজের সেই সময়টাকে ‘স্বপ্নের সপ্তাহ’ হিসেবে উল্লেখ করেছেন এই গোলরক্ষক। ইন্দোনেশিয়ার সংস্কৃতির সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন দাদি। যিনি কয়েক মাস আগে দাদিকে হারিয়েছিলেন পায়েস। ‘তানাহ এয়ারকু’সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন গানও তার কাছ থেকেই পরিচিত হয়েছিলেন তিনি। তাই জাতীয় সংগীত বা দেশাত্মবোধক গান শুনলেই দাদির স্মৃতি মনে পড়ে যায় তার।

ইন্দোনেশিয়ায় এবারের ফিফা আসিয়ান কাপকে তাই শুধু আরেকটি টুর্নামেন্ট হিসেবে দেখছেন না পায়েস। তার মতে, ইউরোপ, আমেরিকা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা ফুটবলারদের জাতীয় দলে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এই প্রতিযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের মান আরও বাড়াতে পারে। 

‘এটি শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, অংশ নেওয়া প্রতিটি দেশের জন্যই ইতিবাচক। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের মান আরও উন্নত হবে,’ বলেছেন তিনি।

ইন্দোনেশিয়ার জাতীয় দলে এক নম্বর জায়গার জন্য এমিল অডেরোর সঙ্গেও তার প্রতিযোগিতা রয়েছে। তবে এই প্রতিদ্বন্দ্বিতাকে চাপ হিসেবে নয়, উন্নতির প্রেরণা হিসেবেই দেখছেন পায়েস। ‘যত ভালো প্রতিযোগিতার মুখোমুখি হবেন, নিজেকে আরও ভালো সংস্করণে পরিণত করার তাগিদ তত বাড়বে,’ বলেছেন তিনি।

ফিফা আসিয়ান কাপে এবার ইন্দোনেশিয়া খেলবে ‘ডিভিশন ওয়ান’-এ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও বাংলাদেশ। ঘরের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা জেতাই পায়েসের প্রধান লক্ষ্য। ‘আমার লক্ষ্য শিরোপা জয়। নিজেদের সমর্থকদের সামনে ট্রফি তুলে ধরতে চাই। গত কয়েক বছরে তারা আমাদের যে সমর্থন দিয়েছে, এই শিরোপার মাধ্যমে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই,’ বলেছেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক।

তবে তার কাছে আসিয়ান কাপের সাফল্য শুধু একটি ট্রফিতে সীমাবদ্ধ নয়। আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের আগে ইতিবাচক আত্মবিশ্বাস তৈরি করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। 

শেষ পর্যন্ত পায়েসের কাছে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য জয় কিংবা ব্যক্তিগত অর্জনে নয়, বরং দল ও সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া সেই বন্ধনে। ইন্দোনেশিয়ার হয়ে সেই বন্ধনকে আরও গভীর করে এবার ইতিহাসের অংশ হতে চান নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই গোলরক্ষক।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গারুদা  জার্সি  ইতিহাস  স্বপ্ন  পায়েস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: