যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটারের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রামাল্লার পশ্চিমে বেইত হোরন

2026-09-24T08:14:16+00:00
2026-09-24T08:14:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ এএম 
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটারের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রামাল্লার পশ্চিমে বেইত হোরন অবৈধ ইসরায়েলি বসতির কাছে একটি চেকপয়েন্টে এ ঘটনা ঘটে। পরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খবর আলজাজিরার।

ইসরায়েলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনি যুবক গাড়ি দিয়ে হামলা চালালে একজন ইসরায়েলি সেনা আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েখিয়েল লেইটার জানান, তার ছেলে নেরিয়া দোভ বেন চানার জীবন বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা করছেন। পরে শারে জেদেক হাসপাতাল জানায়, আহত সেনার জটিল অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে হাসপাতালে আহত সেনাকে দেখতে যান বলে তার দপ্তর জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নির্ধারিত ভাষণে অংশ নিতে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, তিনি নেরিয়া লেইটারের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এর আগে আরেক পোস্টে তিনি, তার স্ত্রী সারা এবং পুরো ইসরায়েলি জনগণ নেরিয়ার সুস্থতার জন্য ‘অলৌকিক ঘটনা’র প্রার্থনা করছেন বলে জানান।

ইয়েখিয়েল লেইটারের আরেক ছেলে ৩৯ বছর বয়সী মোশে ইয়েদিদিয়া ২০২৩ সালের নভেম্বরে গাজায় সামরিক দায়িত্ব পালনকালে নিহত হন। ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটে।


এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২৯ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ মাহমুদ সুলাইমানের নাম প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ নিজেদের হেফাজতে রেখেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইত উর আল-তাহতাসহ সংশ্লিষ্ট এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সুলাইমানের পরিবারের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

বেইত উর আল-তাহতারের মেয়র হাজেম সুলাইমান জানিয়েছেন, সন্দেহভাজন মাহমুদের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গ্রামের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এতে সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সেখানে স্বাভাবিক জীবনের কোনো চিহ্ন নেই।

মেয়র আরও জানান, ইসরায়েলি সেনারা গ্রামের আরও কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  রাষ্ট্রদূত  ফিলিস্তিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: