মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির কোর্স করাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৫০ হাজার টাকা মূল্যের এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া যাবে মাত্র ২ হাজার টাকায়। কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন দেবে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
কোর্সে যা থাকছে
‘মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ’ কোর্সে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল, ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ শেখানো হবে। এর সঙ্গে থাকবে মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দরিদ্র ও পরিশ্রমী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং এ সুযোগ শুধু পুরুষদের জন্য।
যেসব সুবিধা মিলবে
যেসব প্রশিক্ষণার্থীর ওপর পুরো পরিবারের দায়িত্ব নির্ভরশীল, তাদের কোর্স চলাকালে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে।
এ ছাড়া কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এরপর ফরমটি প্রিন্ট করে হাতে লিখে পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা। আবেদনের শেষ সময় ‘১০ অক্টোবর ২০২৬’।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/এসএকে