ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই বন্দী হলেন তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও ইফতেখার মাহমুদ (৩৬)।
কারা সূত্র জানায়, বুধবার রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় তোফাজ্জল ওরফে পলাশকে কারাগার থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তোফাজ্জল রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলী হোসেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ইফতেখার মাহমুদকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ইফতেখার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন। তার বাবার নাম মাহবুব আলম।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সময়ের আলো/এসএকে