চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওসি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। সেখান থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় সাইদুর রহমানের হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১২০টি স্যালাইনের প্যাকেটে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়। আটক সাইদুর রহমান ওই এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে।
ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ হাতেনাতে আটক করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, রাউজানকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
সময়ের আলো/এসএকে