নরসিংদীর রায়পুরায় সার ব্যবসায় অনিয়ম ও লাইসেন্সবিহীনভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সার দোকানে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ২১০ কেজি সার জব্দ করা হয় এবং ডিলারদের ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, রায়পুরা থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে অনিয়মের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, লাইসেন্সবিহীন ও অননুমোদিতভাবে সার মজুদের অপরাধে আরও দুজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ সার মজুদ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/মহু