এনড্রিককে নিয়মিত বেঞ্চে বসিয়ে রাখায় রিয়াল মাদ্রিদের ওপর ক্ষুব্ধ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এনড্রিক ও এস্তেভাওয়ের মতো তরুণ প্রতিভাদের নিয়মিত মাঠে খেলার সুযোগ না দিলে তাদের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
তবে আনচেলত্তির বর্তমান বক্তব্যের সঙ্গে জড়িয়ে আছে কিছুটা অদ্ভুত এক অতীত। কারণ, মাত্র এক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি। তখন এনড্রিককে নিয়মিত একাদশে সুযোগ দেননি এই ইতালিয়ান কোচ। এমনকি তরুণ ব্রাজিলিয়ানকে ধারে পাঠানোর সিদ্ধান্তও হয়েছিল তার সময়েই।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে এনড্রিকের মাঠে নামার সুযোগও খুব সীমিত। সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র চার মিনিট খেলেছেন তিনি। বাকি সময়টা কাটছে বেঞ্চেই।
অথচ ২০২৬ সালের শুরুতে লিঁওতে ধারে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এনড্রিক। ২১ ম্যাচে ৮ গোলের পাশাপাশি করেছিলেন ৮টি অ্যাসিস্ট। সেই পারফরম্যান্সের পরও রিয়ালে ফেরার পর নিয়মিত সুযোগ না পাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।
আনচেলত্তির বক্তব্য, তরুণদের শুধু বড় ক্লাবে রেখে দিলেই হবে না, নিয়মিত ম্যাচ খেলার সুযোগও দিতে হবে। মাঠে পর্যাপ্ত সময় না পেলে প্রতিভাবান খেলোয়াড়দের উন্নতির গতি থেমে যেতে পারে।
এদিকে এনড্রিকও নাকি বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নন। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে খবর, শীতকালীন দলবদলে রিয়াল ছাড়ার কথা ভাবছেন তিনি। তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে এসি মিলান ও রোমার মতো ক্লাবও।
তবে শেষ পর্যন্ত এনড্রিকের ভবিষ্যৎ কী হবে, সেটি নির্ভর করবে রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়ের সিদ্ধান্তের ওপর। আর আনচেলত্তির বর্তমান অবস্থান ফুটবলমহলে নতুন করে সামনে এনেছে তার রিয়াল অধ্যায়ে এনড্রিককে ঘিরে নেওয়া সিদ্ধান্তগুলোকেও।
সময়ের আলো/টিকে