নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামে জমি ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় লুট হওয়া স্বর্ণ ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রসমূহ উদ্ধার করা হয়। এর আগে, ভোর তিনটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া কাজীবাড়ি এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া মো. শাহিন মিয়া, মো. শামিম মিয়া, হৃদয় দাস ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো. শরিফ মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, ভোর তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত ধারালো অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সকলকে বেঁধে রেখে ও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে। পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। সকালে ভুলতা পুলিশ ফাড়ি এলাকায় ডাকাত সন্দেহে ৫ ডাকাতকে গণপিটুনি দেয় বলে পুলিশ সংবাদ পায়। পরে পুলিশ তাদের সোয়া ৬ ভরি স্বর্ণ উদ্ধার, পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামালসহ তাদের গ্রেফতার করে ।
ওসি জানান, গ্রেফতার ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
সময়ের আলো/এনএন