পর্তুগালের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই পরিচয়ের কারণে জাতীয় দলের প্রতিটি ম্যাচে তার একাদশে থাকা নিশ্চিত নয়। এমনটাই জানিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস।
ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে পর্তুগালের কোচ হিসেবে অভিষেক হচ্ছে জেসুসের। ২৪ সেপ্টেম্বর লিসবনের আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জেসুসের প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদোও।
রোনালদোর ফিটনেস ও খেলার সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘আমি দেখছি, আপনাদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে ক্রিশ্চিয়ানো খেলতে প্রস্তুত কি না। ক্রিস (রোনালদো) পর্তুগালের প্রতীক, কিন্তু এর মানে এই নয় যে সে প্রতিটি ম্যাচ খেলবে।’
রোনালদোর জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেছেন পর্তুগালের নতুন কোচ। হংকংয়ের একটি ম্যাচের উদাহরণ দিয়ে তিনি জানান, রোনালদো না খেলায় গ্যালারিতে দর্শক ছিল মাত্র ৫ হাজার। আর রোনালদো খেললে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫ হাজারে।
তবে ওয়েলসের বিপক্ষে রোনালদোকে শুরু থেকেই মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন জেসুস। তার ভাষায়, ‘আজ যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকাল রোনালদো শুরু থেকেই খেলবে। আশা করি, সে এক-দুটি গোল করবে। এরপরই তাকে তুলে নেব।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন জেসুস। বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি বিশেষ হিসেবে দেখছেন। তার লক্ষ্য, নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে আবারও শিরোপা এনে দেওয়া।
জেসুস বলেন, ‘আমি এমন একটি জাতীয় দলের দায়িত্বে আছি, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা রয়েছে। আমি যেখানেই কাজ করি, জয়ের জন্যই করি। নেশনস লিগে আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই শিরোপা ধরে রাখতে হবে।’
২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের কোচের দায়িত্ব নেন জেসুস। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর রবার্তো মার্তিনেজের সঙ্গে সম্পর্কের ইতি টানে পর্তুগাল ফুটবল ফেডারেশন। নতুন কোচের অধীনে এবার নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করছে পর্তুগাল।
সময়ের আলো/টিকে