টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারার হতাশা পেছনে ফেলে নতুন করে পথচলা শুরু করছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে ফিরেছেন ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো রবার্তো মানচিনি। তার প্রথম বড় পরীক্ষা নেশন্স লিগে, যেখানে গ্রুপ-১-এর শুরুতেই প্রতিপক্ষ বেলজিয়াম।
বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের কাছে গ্রুপের শীর্ষস্থান হারানোর পর প্লে-অফে ওঠে ইতালি। সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারালেও ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। এর ফলে ২০১৪ সালের পরও বিশ্বকাপের মূল মঞ্চে ফেরার অপেক্ষা দীর্ঘ হয়েছে। ব্যর্থতার দায়ে কোচ জেন্নারো গাত্তুসোকে বিদায় নিতে হয়।
এরপর যুব দলের কোচ সিলভিও বালদিনি সাময়িক দায়িত্ব পালন করেন। লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় ইতালি। আন্দ্রেয়া পিরলোকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় মানচিনিকে।
অন্যদিকে বেলজিয়ামও পেয়েছে নতুন কোচ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচ রুডি গার্সিয়াকে সরিয়ে দিয়েছে বেলজিয়াম। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন নেদারল্যান্ডস, ভলফসবুর্গ ও অ্যান্টওয়ার্পের সাবেক কোচ মার্ক ফন বোমেল। তার দলও তরুণদের নিয়ে পুনর্গঠনের পথে, তবে কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুর মতো অভিজ্ঞরা আছেন।
ইতালির বিপক্ষে বেলজিয়ামের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় আজ্জুরিদের। বিশ্বকাপের আগে স্পেনের কাছে হারের আগ পর্যন্ত টানা ১৮ ম্যাচ অপরাজিতও ছিল বেলজিয়াম। নতুন কোচের অধীনে দুই দলেরই লক্ষ্য নেশন্স লিগে ভালো শুরু।
সময়ের আলো/প্রিন্ট/টিকে