আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নৌকাটি তানজানিয়ার কিগোমা থেকে ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের কালেমি শহরে যাচ্ছিল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কিগোমা থেকে কালেমির উদ্দেশে যাত্রা করা নৌযানটি ম্যাপেরা গ্রামের কাছে গিয়ে ডুবে যায়।
টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোই জানান, নৌযানটিতে প্রায় ১০০ যাত্রী ও পণ্য ছিল। এর মধ্যে ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে অভিযান চলছে।
তিনি বলেন, বৃহস্পতিবার কিগোমা থেকে কালেমির উদ্দেশে যাত্রা করা নৌযানটি ম্যাপেরা গ্রামের কাছে গিয়ে ডুবে যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির হ্রদ টাঙ্গানিকা। গভীরতার দিক থেকে রাশিয়ার বৈকাল হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ।
ডিআর কঙ্গোতে নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর আগে গত জুলাইয়ে মধ্য ডিআর কঙ্গোতে সরকারি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হন।
দেশটির প্রত্যন্ত অঞ্চলে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামোর ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে নৌ-দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।
সময়ের আলো/জেডি