শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় গরু সন্দেহে নকশি বিজিবির আটক করা ২১টি গরু একদল ব্যক্তি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিঝুড়ি এলাকার তারেক ও শাহিদুলের নেতৃত্বের অভিযোগ করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিঝুড়ি এলাকা থেকে ট্রলিযোগে ২১টি গরু নকলায় নেওয়া হচ্ছিল। ফুলহারি এলাকায় পৌঁছালে ভারতীয় গরু সন্দেহে নকশি বিজিবি গরুগুলো আটক করে। পরে বালিঝুড়ি এলাকার শাহিদুল ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর মালিকানা ও বৈধতার পক্ষে রশিদ দেখানোর চেষ্টা করেন। তার দাবি অনুযায়ী, ২১টি গরুর মধ্যে ১৩টির রশিদ দেখাতে পারলেও বাকি ৮টির কোনো রশিদ তিনি দেখাতে পারেননি।
এরপর শাহিদুল বালিঝুড়ি এলাকায় খবর দিলে তারেকের নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল লোক ঘটনাস্থলে আসে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তিরা বিজিবির আটক করা গরুগুলো নিয়ে চলে যান। গরুগুলো বিজিবি’র হেফাজত থেকে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে নকশি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই