এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গা ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তার পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি।
গত বছর এই সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে হিসাবের অঙ্কে প্রায় ২০ শতাংশ কমেছে। তবে তালিকায় শাহরুখের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
অভিনয়ের পাশাপাশি ব্যবসাই শাহরুখের সম্পদের বড় ভিত্তি। স্ত্রী গৌরী খানের সঙ্গে তার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গে যুক্ত। ক্রীড়া ব্যবসাতেও তাঁর বড় বিনিয়োগ রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি যুক্ত।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। গত বছর অমিতাভ ও তার পরিবারের সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।
তৃতীয় স্থানে সালমান খান, তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। চতুর্থ হৃতিক রোশন, যার আনুমানিক সম্পদ ২ হাজার ৫০০ কোটি রুপি। গত বছর তার সম্পদ ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। ফিটনেস ব্র্যান্ড এইচআরএক্স তার ব্যবসায়িক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
গত বছরের তালিকায় থাকা জুহি চাওলা ও করণ জোহর এবার অভিনেতাদের তালিকায় নেই। জুহি ও তার পরিবারের সম্পদ গত বছর ৭ হাজার ৭৯০ কোটি এবং করণ জোহরের সম্পদ ১ হাজার ৮৮০ কোটি রুপি ধরা হয়েছিল।
হুরুনের হিসাব নগদ অর্থ নয়। বিভিন্ন ব্যবসা, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য ধরে এই সম্পদ নির্ধারণ করা হয়। চলতি বছরের শুরুতে হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখের সম্পদ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল।
সময়ের আলো/এমকে