চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের মিছিল সমাবেশ অব্যাহত আছে। অপরদিকে উপাচার্য পদে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে মিছিল শুরু হয়।
মিছিল থেকে ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’-সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
দুপুর ২টায় মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন উপাচার্যের যোগদানকে ঘিরে তাদের অবস্থান জানান এবং পরবর্তী কর্মসূচি-দেয়াল লিখন এর ঘোষণা দেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমরা শুনেছি উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের শিক্ষকরা রোববার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। আমরা সায়েম স্যারের পুনর্বহাল চাই।
বৃহস্পতিবার উপাচার্য হিসেবে অনলাইনে যোগদান করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ক্যাম্পাসে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি লিখিত যোগদানপত্র পাঠান। ওই যোগদানপত্রে তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদানের বিষয়টি উল্লেখ করেন। এরই প্রতিবাদে তার যোগদানকে প্রত্যাখ্যান করে শুক্রবার বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যুক্ত হয়ে কর্মবিরতি শুরু করেছেন চুয়েটের শিক্ষকরা। চুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতির ডাক দিয়েছে।
সময়ের আলো/আতা