মেঘনায় ট্রলারডুবি, একই পরিবারের নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে

2026-09-25T19:10:48+00:00
2026-09-25T19:14:01+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেঘনায় ট্রলারডুবি, একই পরিবারের নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:১৪ পিএম
একই পরিবারের নিখোঁজ চারজন। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ডুবুরি দল, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উদ্ধার অভিযান শুরু করেছেন। এর সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধিও যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছাকাছি ট্রলারটি ডুবে যায়।

এতে রায়েসা বেগম (৫৬) নামের এক নারী নিহত হন। স্থানীয়দের সহায়তায় মাঝিসহ আটজন তীরে উঠতে সক্ষম হলেও একই পরিবারের চারজন নিখোঁজ হন। নিখোঁজ চারজন হলেন, কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের হেলাল মিয়া (৪৫), তার মেয়ে সামিয়া (১৯), ছেলে সজীব (২২) ও শিশু শামীম (৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১২-১২টার মধ্যে হোমনা পৌরসভার শ্রীমদ্দি গাঙ্কুল বাড়ি সংলগ্ন তিতাস নদীর তীর থেকে ১৩ জন স্বজন একটি ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হন।

বেলা তিনটার দিকে বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের ধাক্কায় তীরের কাছাকাছি ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর বৃহস্পতিবার দিনভর নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হয়। রাত ৩টা পর্যন্ত অভিযান চালানোর পর সেদিনের মতো তা বন্ধ করা হয়।

শুক্রবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে। অভিযানে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থানও শনাক্ত করা হয়েছে। নদীর মাঝখানে ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। সেটি উদ্ধারের প্রস্তুতি চলছে।


সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, বর্তমানে বৃষ্টি ও বাতাসের পাশাপাশি নদীতে প্রচুর স্রোত রয়েছে। এ কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান থাকবে। এরই মধ্যে বিআইডব্লিউটিএ'র প্রতিনিধিও অভিযানে যুক্ত হয়েছেন। নদীর মাঝখানে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই সেটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে নিহত রায়েসা বেগমের মরদেহ বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মেঘনায় ট্রলারডুবি  একই পরিবারের নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: