বিয়ে করতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতীয় গ্যাংস্টার মাইনপাল ধিল্লা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হরিয়ানার একটি ফার্মহাউসে প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে বিয়ে করেন তিনি। তবে প্যারোলের মেয়াদ শেষ হওয়ায় বিয়ের কয়েক ঘণ্টা পরই রাত ৮টার দিকে তাকে আবার কারাগারে ফিরতে হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের আয়োজনের বেশিরভাগই ছিল সাধারণ ফার্মহাউসের অনুষ্ঠানের মতো। দুপুরে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। এরপর সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অনুষ্ঠানের ব্যতিক্রমী দিক ছিল বর নিজেই। কারণ, বিয়ের জন্য মাত্র ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
ধিল্লার স্ত্রী মেটা চানমিয়া কম্বোডিয়ার নাগরিক। ধারণা করা হয়, ২০১৮ সালে দুজনের পরিচয় হয়। ওই সময় প্যারোলে মুক্তি পেয়ে ধিল্লা কম্বোডিয়ায় পালিয়ে যান। এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করছিলেন।
২০২৫ সালে কম্বোডিয়ার কর্তৃপক্ষ ধিল্লাকে পুনরায় গ্রেফতার করে এবং পরে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়।
ঝাঝর-গুরগাঁও সড়কের পাশে দুলিনা ফার্মে তাদের বিয়েকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ফার্মহাউসটি ঝাঝর কারাগার থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দূরে, যেখানে ধিল্লা তার সাজা ভোগ করছেন। বিয়ের অনুষ্ঠানে অন্তত ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সময়ের আলো/ইউএমএইচ