দীর্ঘ এক দশক পর মেঘনার বুক চিরে জেগে ওঠা লক্ষ্মীপুরের কমলনগরের ‘চরজগবন্ধু মাতব্বর চর’ দখলের মহোৎসবে মেতে উঠেছে একদল প্রভাবশালী ভূমিদস্যু। পৈতৃক ভিটেমাটি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধার পরই বহিরাগত চক্রের আগ্রাসনে দিশেহারা হয়ে পড়েছেন নদীভাঙনে নিঃস্ব হওয়া প্রায় হাজারো পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের দিকে মেঘনার তীব্র ভাঙনে কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের মাতব্বর নগর, চরজগবন্ধু ও চর কটরিয়াসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিগত তিন বছরে প্রাকৃতিকভাবে সেখানে প্রায় দেড় হাজার থেকে ৩ হাজার একর জমি পুনরায় জেগে ওঠে। জমি চাষাবাদের উপযোগী হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রকৃত মালিকেরা সরকারি বকেয়া রাজস্ব পরিশোধ করে তা দেখভাল শুরু করেন।
তবে অভিযোগ উঠেছে, প্রকৃত জমি মালিকদের হাতছাড়া করতে একটি প্রভাবশালী চক্রের সহায়তায় বহিরাগত ভূমিদস্যুরা জোরপূর্বক চর দখলের পাঁয়তারা চালাচ্ছে। ইতোমধ্যে চরে অবৈধ ঘর তোলার পাশাপাশি চরের ঘাস মহিষ মালিকদের কাছে প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে চক্রটি।
ভুক্তভোগী নুরুনবী ও আ. ছোবাহান জানান, চরে যাদের জমি নেই তাদের দালালি ও দখলবাজি বন্ধ করতে হবে। হাজার হাজার পরিবার পৈতৃক সম্পত্তি রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে। পুলিশ প্রশাসনকে একাধিকবার জানালেও দৃশ্যমান পদক্ষেপ না থাকায় যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার রাহাত উজ জামান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা