এই সপ্তাহের কবিতা

সাহিত্য

ঘাসফুলমোখতারুল ইসলাম মিলননদীর ধারে ঘাসফুলেদেরবসেছে সবুজ মেলা,নদীর জলে ঢেউয়ের সাথেখেলে প্রীতির খেলা।চলে নদী আপন বেগেস্রোতের টানে ভেসে,ঘাসফুলেরা চেয়ে থাকেনদীটাকে ভালোবেসে।রোদ-ছায়ার

2026-09-26T05:08:05+00:00
2026-09-26T05:08:05+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
ঘাসফুল
মোখতারুল ইসলাম মিলন

নদীর ধারে ঘাসফুলেদের
বসেছে সবুজ মেলা,
নদীর জলে ঢেউয়ের সাথে
খেলে প্রীতির খেলা।

চলে নদী আপন বেগে
স্রোতের টানে ভেসে,
ঘাসফুলেরা চেয়ে থাকে
নদীটাকে ভালোবেসে।

রোদ-ছায়ার লুকোচুরি
খেলে নদীর চরে,
সকাল-সাঁঝে শিশিরবিন্দু
ঝরে ফুলের ’পরে।

শীতল হাওয়া দোলা দিয়ে
নাচায় পাতার বুক,
নদীর সাথে ঘাসফুলের
কত যে মধুর সুখ!



কাচের ফুলদানি
কুলসুম বিবি

জানলার কোণে নীরব একা
ওই কাচের ফুলদানি,
বুকের ফুলে যত্নে ভরে
সৌরভে ঘরখানি।

শূন্যতার বুক পূর্ণ করে
রিক্ত থাকে নিজে,
স্মৃতি ধরে রূপের ছায়ায়
মুগ্ধতা রয় ভিজে।

ঝড়-বাদলে পায় না সে তো
একটুখানি সুখ,
কত ফুল যে শুকিয়ে গেল
রেখে গেছে ক্ষত-বুক।

তাজা ফুলের অপেক্ষাতে
আঁকে নতুন গল্প,
শুকনো ফুলের পাতায় লেখা
ফুলদানিটির কল্প।



ছেলেবেলা
সাঈদুর রহমান লিটন

ফুলতলায় ফুল তুলেছি,
আমার ছেলেবেলা,
কানামাছি আর গোল্লাছুট,
খেলেছি কত খেলা।

বড়শি নিয়ে মাছের লোভে
ঘুরেছি খাল-বিলে,
দু-চারটে মাছ ধরলে পরে
নিয়ে যেত চিলে।

পরের গাছের আম-কাঁঠালের
লোভটা ছিল বেশি,
দা-কাঁচি সব বাদ দিয়ে রোজ
কাজে লাগত পেশি।

মাঠের পাশে নদীর ঘাটে
নৌকা ভাসাই জলে,
অন্যের নৌকা ডুবিয়ে দিতাম
নানান ছলাকলে।

নানান ছুতোয় স্কুল পালানো,
কী যে মজা হতো!
ইচ্ছেমতো ছুটতাম সবাই
প্রজাপতির মতো।



ছোট্ট অপ্রতিম
বাবু হক

বাবা-মায়ের হাহাকারে
বাতাস হলো ভারী,
অচিন দেশে অপ্রতিম
ফিরবে না আর বাড়ি!

ছোট্ট শিশুর স্বপ্ন ছিল
মনের সবুজ পাতায়,
বিশ্বভুবন জয় করবে—
ভাবনা ছিল মাথায়।

স্বপ্ন জয়ে দৃঢ় ছিল
ছোট্ট অপ্রতিম,
হঠাৎ করে খবর শুনে
গা হয়ে যায় হিম!

নিথর দেহ পড়ে আছে,
স্বপ্ন রক্তে ভাসে,
শিশুর রক্ত পান করে আজ
পিশাচেরা হাসে!



মন জুড়ে যায় শরৎকালে
নাজীর হুসাইন

শরৎ এলো আকাশজুড়ে
পেঁজা পেঁজা মেঘ,
ঝলমলে রোদ, হঠাৎ বৃষ্টি,
নেই বাতাসের বেগ।

নদীর তীরে কাশবাগানে
কাশফুলেরা ফোটে,
সবুজ মাঠের দূর্বা ঘাসে
রোদের ঝিলিক ছোটে।

গাছে গাছে ফুটছে হাজার
হরেক রকম ফুল,
আধাপাকা আমন ধানে
বাতাস দেয় দুল।

মন জুড়ে যায় শরৎকালে
শিউলি ফুলের ঘ্রাণে,
শরৎ এলো, শরৎ এলো—
হরষ জাগে প্রাণে।


সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   কবিতা 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: