দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ, মেফাদুন ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করে। নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ফসফরাস গোলা ব্যবহার করা হয়। পরে একই ধরনের গোলা দিয়ে জাওতার আল-শারকিয়াহ এলাকাতেও হামলা চালানো হয়।
এ ছাড়া টায়ার জেলার ওয়াদি জিবকিন, হারিস ও হাদাথা এলাকার উপকণ্ঠে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
এদিকে লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞরা মারজায়ুন ও বিন্ত জবেইল জেলার মাজদাল সেলম এবং আল-গানদুরিয়াহ এলাকায় ইসরাইলি বাহিনীর ফেলে যাওয়া দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছেন। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরাইলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
গত জুনে হওয়া একটি কাঠামোগত চুক্তিতে ধীরে ধীরে লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার, সেখানে লেবাননের সেনা মোতায়েন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
সময়ের আলো/এমকে