আপেল পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তাই চিকিৎসকেরা ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে, আপেল খেতে খেতে ভুলবশত কিংবা কোনো কারণে তুলনামূলক বেশি পরিমাণে এর বীজ খেয়ে ফেললে হতে পারে গুরুতর সমস্যা।
গবেষণায় দেখা গেছে, আপেলের বীজে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। এই বীজে থাকা অ্যামিগডালিন নামক যৌগটি মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কাঠবাদাম বা চেরি ফলের বীজেও এ ধরনের বিষাক্ত যৌগ রয়েছে।
আপেলের বীজ চিবিয়ে খেলে পেটের ভেতরে গিয়ে তা হজমের সময় ভাঙতে শুরু করে। এই ভাঙনের ফলেই শরীরে প্রাণঘাতী হাইড্রোজেন সায়ানাইড নামক একটি বিষাক্ত রাসায়নিক তৈরি হয়। এই সায়ানাইড রক্তে মিশলে শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
সায়ানাইড একটি ভয়ানক বিষ, যা দ্রুত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দেয়। এর প্রভাবে মানুষের হৃদযন্ত্র ও মস্তিষ্কের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মাত্রারিক্ত সায়ানাইড শরীরে প্রবেশ করলে মানুষ দ্রুত কোমায় চলে যেতে পারেন। সঠিক সময়ে চিকিৎসা না হলে, এই বিষের প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
তবে চিকিৎসকদের মতে, দু-একটা বীজ ভুল করে গিলে ফেললে সমস্যা নেই। প্রায় এক কাপ আপেলের বীজ একসঙ্গে চিবিয়ে খেলে কিংবা এই বীজের কফি পান করলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে।
সূত্র : টিভি নাইন
সময়ের আলো/মহু