সরকারের বিরোধিতা করতে গিয়ে পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কোনো কর্মকাণ্ডে বিরোধীদলগুলোকে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। আর এতে শেষ পর্যন্ত ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ। এ কারণে সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও বিরোধী দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত।
দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সময়ের আলো/জেডি