গাজীপুরের শ্রীপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এক্সকাভেটরের ধাক্কায় আহত মজু মুন্সী (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মজু মুন্সী শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের গুজাম মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে শ্রীপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছিল। বেলা ১১টার দিকে পৌর এলাকার একটি সড়কে পরিচ্ছন্নতার কাজ চলার সময় এক্সকাভেটরের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মজু মুন্সী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, সকাল থেকেই পৌর শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছিল। এক্সকাভেটর চলাচলের রাস্তা পরিষ্কার রাখার জন্য পৌরসভার ট্রাফিক বিভাগের লোকজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় অসাবধানতাবশত মজু মুন্সী এক্সকাভেটরের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বেলা ১১টার দিকে মজু মুন্সীকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে ওটি থেকে বের করে বেডে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন।
সময়ের আলো/এনএন