জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, সার সংকট নিরসন, প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল এবং হাম-ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী, গাইবান্ধা জেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস ও রাহেলা সিদ্দিকাসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ একের পর এক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী হয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় কৃষকেরা পর্যাপ্ত সার পাচ্ছেন না। সার সংকট ও বিতরণে অনিয়মের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা। এ প্রসঙ্গে বক্তারা বলেন, ‘কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না’— এই বাস্তবতা মাথায় রেখে অবিলম্বে সার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নানা অভিযোগের কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, জনস্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করতে হবে।
সমাবেশে ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এসব রোগ মোকাবিলায় কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, জনগণের প্রদত্ত ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য রাজস্বের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। জনগণের অর্থে পরিচালিত সরকারের প্রধান দায়িত্ব জনগণের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতা ও অদক্ষতার দায় বারবার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ প্রসঙ্গে বক্তারা বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়।
সমাবেশ থেকে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার নেতারা।
সময়ের আলো/আতা