চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মসজিদের মোতোয়াল্লিকে মারধরের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোতোয়াল্লির নাম আবু ছিদ্দিক (৫৬)। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আবদুস ছত্তারের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার জামে মসজিদের একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন শাহজাহান চৌধুরী। পরে তিনি দোকানটি মো. ইমরান নামে এক ব্যক্তির কাছে উপ-ভাড়া দেন।
শনিবার রাতে দোকানের বকেয়া ভাড়া আদায় করতে গেলে ইমরানের সঙ্গে মোতোয়াল্লি আবু ছিদ্দিকের কথা-কাটাকাটি হয়। পরে শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তাঁর সঙ্গেও আবু ছিদ্দিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহান চৌধুরী তাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন আবু ছিদ্দিক।
আবু ছিদ্দিক বলেন, মসজিদের নির্ধারিত দোকানভাড়া না দেওয়ার উদ্দেশ্যেই শাহজাহান চৌধুরী ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, তিনি বা তাঁর লোকজন কেউ আবু ছিদ্দিককে মারধর করেননি। বরং মোতোয়াল্লি নিজেই তাঁর সঙ্গে এসে বাকবিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে