নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কবিতা খানম (২০) নামের এক নারী ও আনান হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার আলমপুর ইউনিয়নের দাদনপুর খয়েরবাড়ী এলাকার জিহাদ হোসেন বাদশার স্ত্রী কবিতা খানম এবং উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী মুকুন্দপুর এলাকার শাহিনুর ইসলামের ছেলে আনান হোসেন। একই দিনে দুইটি আত্মহত্যার ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট থানা পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে জিহাদ হোসেন বাদশার সঙ্গে বিকন্দ খাস এলাকার আব্দুল আজিজের মেয়ে কবিতার বিয়ে হয়।
বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো। এরপর ঘটনার দিন বিকেল ঘরের ভেতরে তীরের সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় জিহাদ।
অন্যদিকে, মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে নিহত আনান হোসেনের কথা কাটাকাটি হয়। এরপর বিকেলের দিকে পরিবারের লোকজন সয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে জানালার পর্দা গলায় ফাঁস দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে বলেন, স্থানীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ দুইটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি মিন্টু আরও বলেন, রোববার সকালে মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।
সময়ের আলো/জোই