ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের নিয়ন্ত্রণ নিয়ে তার পরিচিতজনদের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি জানার পর এমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এমপির পরিচিত কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে টাকা চাওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া পূর্ণ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সতর্কতামূলক পোস্ট দেন।
সেখানে তিনি জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করা হয়েছে। ওই নম্বর থেকে কোনো ধরনের বার্তা, অনুরোধ বা আর্থিক লেনদেনের প্রস্তাব এলে কাউকে লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য বা ওটিপি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, এমপির পরিচিতজনদের কাছে পাঠানো বার্তার মাধ্যমে কেউ অর্থ পাঠিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সময়ের আলো/জোই